বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জের সর্বস্তরের জনগণ ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া এই লংমার্চ কর্মসূচির গাড়িবহর পদ্মা সেতু, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে গোপালগঞ্জ অতিক্রম করে খুলনা, যশোর ও ঝিনাইদহ পেরিয়ে কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত নেতারা। বৈঠকে জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন, বর্তমান আমির মাওলানা রেজাউল করিম, ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিনসহ জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জামায়াত নেতৃবৃন্দ জানান, লংমার্চ অতিক্রমকালে গোপালগঞ্জের শান্ত পরিবেশ বজায় রাখতে তারা সংকল্পবদ্ধ এবং কোনো ধরনের গুজবে কান না দিয়ে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-খুলনা মহাসড়কের একটি পাশ ব্যবহার করে বহর পরিচালনা করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা এবং কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।
Leave a Reply