এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ তাজুল ইসলাম মহলদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকালে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাধবপুর থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে হবিগঞ্জ সদর থানায় পাঠানো হলে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়।
তাজুল ইসলাম মহলদার বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাধবপুর থানার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাজুল ইসলাম মহলদারকে গ্রেপ্তার করে মাধবপুর থানায় নিয়ে আসে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। ওই থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একটি উত্তর দিন