চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি কওমি মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণার মাধ্যমে টাকা তোলার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত চক্রটি বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও বাসা-বাড়িতে গিয়ে কওমি মাদ্রাসার উন্নয়ন ও এতিম ছাত্রদের সহায়তার কথা বলে টাকা তুলছিল। ঘটনার দিন তাদের রশিদের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসার মূল রশিদের অসঙ্গতি দেখা দিলে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় যে, সংগৃহীত টাকা মাদ্রাসায় জমা হচ্ছিল না এবং ব্যবহৃত রশিদ বইগুলো ভুয়া।
বিষয়টি প্রমাণিত হলে উপস্থিত জনতা প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করে এবং থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুয়া রশিদ বই ও রসিদের মাধ্যমে সংগৃহীত টাকাসহ তাদের হেফাজতে নেয়।
দামুড়হুদা থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের প্রতারণা এড়াতে এলাকার ধর্মপ্রাণ মানুষকে যেকোনো প্রতিষ্ঠানে দান করার আগে সঠিক যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
Leave a Reply