নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (কার্য) কার্যালয় সংলগ্ন অফিসার্স কলোনির একটি পরিত্যক্ত ভবন লাল পতাকা টাঙিয়ে দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় কিছু ব্যক্তি হঠাৎ করেই ভবনটির চারপাশে লাল পতাকা টাঙিয়ে নিজেদের দাবি করে দখলের অপচেষ্টা চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাঁকা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলওয়ের এই অফিসার্স কলোনির ভবনটির দিকে চোখ পড়ে একটি প্রভাবশালী চক্রের। তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ভবনটির চারপাশে একাধিক লাল পতাকা টাঙিয়ে দেয় এবং ভেতরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই রেলওয়ে কতৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতা ও কড়া বার্তার মুখে দখলকারীরা কেটে পড়ে। পরবর্তীতে রেলওয়ে কতৃপক্ষ টাঙানো লাল পতাকাগুলো খুলে ফেলে এবং ভবনটি নিজেদের হেফাজতে নেয়।
রেলওয়ে কর্মকর্তাদের মতে, রেলওয়ের সম্পত্তি দখল বা অবৈধভাবে পতাকা টাঙানোর যেকোনো চেষ্টা সম্পূর্ণ আইনবহির্ভূত। এ ধরনের অবৈধ দখলদারিত্ব রোধে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply