ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নেমে আসা ভারি বৃষ্টিপাত সেখানকার মানবিক পরিস্থিতিকে আরও বেশি শোচনীয় করে তুলেছে। আকস্মিক এই বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাস করা হাজার হাজার তাঁবু সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, যার ফলে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষ চরম বিপাকে পড়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিজেদের সম্বলটুকুন রক্ষা করতে এবং তাঁবুর ভেতর থেকে পানি সরাতে সাধারণ মানুষ হাড়ি-পাতিল ও রান্নার সরঞ্জাম ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার সর্বস্ব হারিয়ে পুরোপুরি আশ্রয়হীন হয়ে পড়েছেন। গাজার হামাস পরিচালিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় সত্তর হাজার তাঁবু প্লাবিত হয়েছে এবং বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত দেয়াল ধসে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে, কারণ প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি এবং সরঞ্জামের প্রবেশে দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। বিশুদ্ধ পানির সংকট এবং অপর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থার মধ্যে এই আকস্মিক দুর্যোগ গাজার অবরুদ্ধ জনপদকে এক গভীর বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
Leave a Reply