খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভাড়া বাসা (মেস) থেকে এক তরুণীসহ মোনতাসিম বিল্লাহ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মোনতাসিম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম ফারুকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৫ অক্টোবর) বিকেলে মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের একটি ভবনের চারতলায় অবস্থিত মেসে অপরিচিত এক তরুণীকে প্রবেশ করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাঁরা বাড়িটিতে গিয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে খালিশপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
খালিশপুর থানা সূত্রে জানা গেছে, মোনতাসিম বিল্লাহ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাঁর গ্রামের বাড়ি তালা উপজেলার পরানপুর গ্রামে। তিনি পড়াশোনার পাশাপাশি খুলনার ওই মেসে ভাড়া থাকতেন। অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে আটক তরুণীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই বাসা থেকে যুবক-তরুণীকে হেফাজতে নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অধ্যাদেশ ও প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply