দেশে বিচার ও শিক্ষা বিভাগে চরম অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এভাবে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হতে পারে।
শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীতে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষ শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান সরকার দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, উল্টো সমাজে বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি দ্বিগুণ হারে বাড়িয়েছে।
শিক্ষাঙ্গন ও বিচার বিভাগের সার্বিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে এখনো আগের মতোই দলীয়করণ, রাজনৈতিক প্রভাব বিস্তার ও লুটপাট চালানো হচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভাগ বসানোর ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে—দেশ পরিচালনার ক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ন্যস্ত হয়েছে।
জামায়াত আমির অভিযোগ করে আরও বলেন, বর্তমান সরকার গণভোটকে অস্বীকার করছে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করছে না। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে তিনি মনে করিয়ে দেন।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নফস ও পরিবারকে নিয়ন্ত্রণে রেখে সততা, নৈতিকতা এবং উত্তম আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। একই সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হতে জামায়াত কর্মীদের পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত থাকার তাগিদ দেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত রুকন সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply