রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুরো সাজেক পর্যটন অঞ্চল ও সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, ঘটনার দিন সকালের দিকে সাজেক সড়কের উজোবাজার অংশে অবরোধ পালনকালে সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে সশস্ত্র দল। আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ির উদ্দেশ্যে নিরাপদে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ব্যারিকেড সরাতে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর বাধা প্রদান করে এবং অতর্কিত গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে ও পর্যটকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তত্পরতায় অবরুদ্ধ পর্যটকদের সুরক্ষায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাঘাইহাট জোন কমান্ডারের সূত্রমতে, এলাকার সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে আনতে ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে যৌথ বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা বজায় রাখছে।
একটি উত্তর দিন