রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সাথে ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে আরও ৬ নেতা-কর্মীকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার পটভূমি:
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির সময় সাংবাদিকরা ঘটনাটি ভিডিও করতে গেলে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হন এবং শারীরিক নির্যাতন চালান।
এই হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়।
হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের স্থায়ী বহিষ্কার ও আইনি শাস্তির দাবি জানিয়ে আসছিলেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতেই তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
একটি উত্তর দিন