সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, “শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে চাইলে করতে পারবেন, তবে উনার ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলবে। আইন সবার জন্যই সমান—আমার ক্ষেত্রে যেমন আইন প্রয়োগ হয়েছে, সবার ক্ষেত্রেও একইভাবে চলবে।”
নিজের দীর্ঘ কারাবাসের স্মৃতি উল্লেখ করে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমি প্রায় সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। সম্পূর্ণ মিথ্যা মামলার ওপর ভিত্তি করে অন্যায়ভাবে আমাকে তিনটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে, শেখ হাসিনার ক্ষেত্রে যা ঘটছে তা স্বচ্ছ বিচার এবং সত্যের ভিত্তিতেই হচ্ছে, যার পক্ষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও রয়েছে।” শেখ হাসিনা দেশে ফিরে বিচার প্রক্রিয়াকে মুখোমুখি করলে সেটিকে সাধুবাদ জানানোর কথা ব্যক্ত করেন তিনি।
পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন মিয়াসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
একটি উত্তর দিন