ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকার মিরপুর এলাকায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এর ফলে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
শনিবার সকাল ১০টা থেকে মিরপুর বিভাগের এই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পোশাকশ্রমিকরা অবস্থান নেওয়া শুরু করেন। শ্রমিকরা সড়ক আটকে নানা স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, ১১ ও ১২ নম্বর সেক্টর সড়ক এবং প্রশিকা মোড়ে শ্রমিক অবরোধের কারণে গোটা এলাকার যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। অফিসগামী ও সাধারণ যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
মিরপুর বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাত্রী ও পরিবহন চালকদের বিকল্প পথ বা সময় নিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকরা, যার ফলে দীর্ঘ সময় চরম যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছিল।
একটি উত্তর দিন