কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাগাড় (বাঘাইড়) মাছ ধরা পড়েছে। পরে কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকার ব্রহ্মপুত্র নদে জালে ফেলেন স্থানীয় জেলে নরেন্দ্র নাথ। শুক্রবার সকালে তাঁর জালে বিশাল আকারের এই মাছটি উঠে আসে। মাছটি পাড়ে তোলার পর তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।
পরবর্তীতে চিলমারীর থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া জেলে নরেন্দ্র নাথের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে খুচরা হিসেবে প্রতি কেজি ১,৫০০ টাকা দরে ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে দেশীয় প্রজাতির নানা বড় মাছ ধরা পড়ছে এবং বাজারে এসব মাছের প্রচুর চাহিদা রয়েছে।
এদিকে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (IUCN) তালিকা অনুযায়ী বাগাড় একটি মহাবিপন্ন ও সংরক্ষিত প্রজাতির প্রাণী। আইন অনুযায়ী এই মাছ ধরা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ হলেও সচেতনতার অভাবে নদী তীরবর্তী অঞ্চলে উন্মুক্তভাবেই কেনাবেচা চলছে।
চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বিশাল বাগাড় ধরা পড়ার বিষয়টি তিনি শুনেছেন। নদে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিতে জেলেদের সচেতন করার পাশাপাশি মৎস্য বিভাগ পরিকল্পনা গ্রহণ করছে বলে জানান তিনি।
একটি উত্তর দিন