নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ের দিকে যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ বিরোধী দলের একাধিক নেতাকে সাময়িকভাবে আটক করে দিল্লি পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার সময় এ ঘটনা ঘটে।
পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে রাহুল ও প্রিয়াঙ্কাসহ বিরোধী দলের নেতাদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। তবে আটকের কয়েক মিনিট পরই তাদের ছেড়ে দেওয়া হয়।
মুক্তির পর গান্ধী ভাইবোন বর্তমানে আকাশবাণী ভবন এলাকায় অবস্থান করছেন। সেখান থেকে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এদিকে পুলিশি বাধার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ বিরোধী দলের একাধিক সাংসদ।
বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগ তোলেন। একই সঙ্গে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের অভিযোগ ও প্রতিবাদকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
একটি উত্তর দিন