দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপের একটি পানশালায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসাকর্মীরা ১৭ জনকে মৃত ঘোষণা করেন।
হামলায় প্রায় আটজন সন্দেহভাজন অংশ নিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানানো হয়েছে। হামলার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, হামলাকারীরা প্রথমে পানশালার বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা পানশালার ভেতরে ঢুকে উপস্থিত ব্যক্তিদের ওপরও গুলি চালায়। এ সময় কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে দুটি অজ্ঞাত গাড়িতে করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
আহত ১৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সময়ে এ ধরনের বন্দুক হামলার ঘটনা একাধিকবার ঘটেছে। এর মাত্র এক সপ্তাহ আগে ডারবানের দক্ষিণে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে জুন মাসে জোহানেসবার্গের একটি শহরতলির অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হন। পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
একটি উত্তর দিন