বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসামির উপস্থিতিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ আসামি নাসির উদ্দিন সাথীকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন গ্রেপ্তার) আবেদন জানান। আদালত আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে আসামি হাজির সাপেক্ষে শুনানির দিন ধার্য করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ আসামিকে আদালতে হাজির করা হয়।
শুনানিকালে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর সপক্ষে আদালতের সামনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন।
শুনানিতে প্রসিকিউটর বলেন, “মাইটিভির চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন সাথী আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঠিক সংবাদ প্রচার না করে ভিন্ন বিষয় তুলে ধরে বিভ্রান্তি ছড়িয়েছেন। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ ও তথ্য উঠে এসেছে।”
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাঁকে মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
একটি উত্তর দিন