অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। যারা জনগণ ও দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের সমুচিত জবাব দিতে হবে।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে। ২০২৪ সালে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুনের রাজনীতি বন্ধের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একটি মহল সেই অধিকার আবারও কেড়ে নিতে চায়।
জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, মানুষ কি আবার গুম-খুনের রাজনীতি ফিরে আসতে দেবে? ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ কি কাউকে দেওয়া হবে?
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২০২৪ সালের মতো আবারও গণতন্ত্রপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, সহিংসতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
Leave a Reply