গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ সৃষ্টি করেন। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা।
শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
Leave a Reply