রাজধানীর আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গত শনিবার (১৪ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) এবং মো. মফিজুল ইসলাম (৫০)। লালবাগ থানা সূত্রে জানা যায়, সোহরাব হোসেন সুমন মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধঘोषित রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি ঝটিকা মিছিলে অংশ নেন এবং মিছিলের আয়োজন করেন এই চারজন। এর ধারাবাহিকতায় পরদিন ১৪ নভেম্বর রাতে সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে একটি গোপন বৈঠক করছিলেন তারা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। এই আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
Leave a Reply