ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা করলেও গোপনে তাদের আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি। চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি দাবি করেন, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকারের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে বার্তা পাঠিয়ে এ সমর্থন চাওয়া হলেও প্রকাশ্যে আরব দলগুলোকে দেশবিরোধী ও সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে আখ্যা দিয়ে আসছিলেন নেতানিয়াহু। নেসেটে দেওয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদেই ব্যক্তিগত যোগাযোগের এসব তথ্য প্রকাশ্যে এনেছেন তিবি।
এদিকে তিবির এই সমস্ত অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানো দলগুলোর সঙ্গে লিকুদ কখনোই কোনো ধরনের সহযোগিতা করে না। অন্যদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই দ্বিমুখী রাজনৈতিক অবস্থান এবং দেশের ২০ লাখ আরব নাগরিককে নিয়ে কটূক্তির কড়া সমালোচনা অব্যাহত রেখেছেন আরব আইনপ্রণেতারা।
Leave a Reply