জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গত মঙ্গলবার জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও তিন দফা দাবি জানানো হয়। মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়, যাতে হাসিব গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সংগঠনটি তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশজুড়ে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের নতুন করে অস্থিরতা তৈরির একটি পরিকল্পিত ষড়যন্ত্র। দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনাই এর প্রমাণ। জাতীয় ছাত্রশক্তি অভিযোগ তোলে, নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে এবং নিষিদ্ধ সংগঠনগুলোর অরাজকতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চরমভাবে ব্যর্থ হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে হাসিব আল ইসলামের ওপর হামলাকারীসহ বিগত দুই দিনে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগ কর্মীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিতের লক্ষ্যে দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
Leave a Reply