দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক এবং ইভটিজিং প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে।
এ ছাড়া কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করে তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের নিজ নিজ অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রতিবেদন অধিদপ্তরের নির্ধারিত ই-মেইল ঠিকানায় (ad-admin@dshe.gov.bd) পাঠাতে হবে।
মাউশির এ-সংক্রান্ত চিঠি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, সরকারি-বেসরকারি কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অপরাধ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা আরও জোরদার হবে।
Leave a Reply