মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ‘জুলাইযোদ্ধা’ তামিম মাতুব্বরের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের লোকজনের বিরুদ্ধে। গত বুধবার (২৮ অক্টোবর) সকালে এ সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহেরান্দী গ্রামের আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের সঙ্গে একই এলাকার এমদাদ মাতুব্বরের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে। এর জের ধরেই বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ‘জুলাইযোদ্ধা’ তামিম মাতুব্বর অভিযোগ করে বলেন, “মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ আওয়ামী লীগের পক্ষ নিয়ে আমাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। এরপর বাচ্চু মোড়লের লোকজন আমাদের বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এমনকি পুলিশের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে একটি পক্ষকে সহযোগিতা করারও অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা।”
এদিকে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের বিরুদ্ধে ওঠা পক্ষপাতিত্ব ও সহায়তার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অসত্য। তামিম সাহেব মনগড়া কথা বলেছেন। সারা দেশের মানুষ জানে আমি কারও পক্ষ হয়ে কাজ করছি কি না।”
অন্যদিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়লকে এলাকায় পাওয়া না যাওয়ায় এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply