যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের তেল স্থাপনা, আন্ডারসি কমিউনিকেশন ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজায়ি ও শীর্ষ রাজনৈতিক নেতারা স্পষ্ট জানিয়েছেন, পরবর্তী সংঘাতকে তারা অস্তিত্বের হুমকি হিসেবে দেখছেন এবং এবার যুদ্ধ হলে ইরান কোনো ভৌগোলিক বা প্রচলিত সীমারেখা মানবে না। শত্রুপক্ষের ধারণার চেয়েও এই সংঘাত দীর্ঘ ও ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়বে বলে তেহরান সতর্ক করেছে।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে যৌথ হামলা চালাতে ওয়াশিংটনের সামরিক উপদেষ্টারা লক্ষ্যবস্তুর বিস্তারিত তালিকা প্রস্তুত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নীতিগতভাবে সামরিক অভিযানের বিষয়ে একমত হয়েছেন। নভেম্বরের মধ্যে মধ্যপ্রাচ্যে তিনটি যুদ্ধজাহাজ, রণতরি, যুদ্ধবিমান ও হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই উত্তেজনার মধ্যেই সম্প্রতি দুই দেশ যৌথ সামরিক মহড়া চালিয়েছে এবং ইসরাইলি যুদ্ধবিমান ইরানের সীমান্তের কাছাকাছি টহল দিয়েছে।
উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে স্থবিরতা ও হামলার খবর পাওয়া গেছে। ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা প্রণালিতে তেল স্থানান্তরকারী চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এবং মাইন বিস্ফোরণে আরও তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪ ডলারে পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, সংঘাতের তৃতীয় ধাপ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ গ্রিড, পানি পরিশোধন কেন্দ্র, তেল শোধনাগার ও বন্দরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। এতে করে চরম মানবিক বিপর্যয় ঘটবে, লাখ লাখ শরণার্থী ইউরোপের দিকে ছুটবে এবং বিশ্ব অর্থনীতি মারাত্মক মন্দার মুখে পড়বে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধ এড়াতে তুরস্ক, পাকিস্তান, মিসর ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা ইস্তাম্বুলে বৈঠকে বসছেন। এছাড়া ইরান ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা সংঘাত নিরসনে হরমুজ প্রণালির অবরোধ প্রত্যাহার, পারমাণবিক পরিদর্শনের সুযোগ এবং তেহরানের জব্দ করা অর্থ ফেরত দেওয়ার শর্তে নতুন আলোচনার প্রস্তাব খতিয়ে দেখছেন।
Leave a Reply