কক্সবাজারের মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন ডা: সৈকত বড়ুয়া। স্থানীয় সরকার ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জনসেবা জোরদার করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করা হয়েছে।
ডা: সৈকত বড়ুয়া একজন পেশাদার চিকিৎসক ও বিসিএস কর্মকর্তা (৪২তম ব্যাচ)। বর্তমানে তিনি মহেশখালী উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে আসছেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসক পদে তার সুপারিশ প্রাপ্তির খবরে শাপলাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় অধিবাসীদের আশা, একজন দক্ষ ও শিক্ষিত কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলে ইউনিয়নের নাগরিক সেবা বৃদ্ধি পাবে, অবকাঠামোগত উন্নয়ন গতি পাবে এবং দুর্নীতিমুক্ত ও সেবামুখী জনপ্রশাসন নিশ্চিত হবে।
এক প্রতিক্রিয়ায় ডা: সৈকত বড়ুয়া জানান, সরকারি নির্দেশনা ও সততার সাথে শাপলাপুর ইউনিয়নের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে তিনি প্রস্তুত। স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা নিয়ে শাপলাপুর ইউনিয়ন পরিষদকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।
শিগগিরই প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি আনুষ্ঠানিকভাবে শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
Leave a Reply