সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। তবে তদন্ত শেষ হওয়ার আগেই ভিত্তিহীনভাবে কোনো রাজনৈতিক দলকে অভিযুক্ত করা হলে মূল অপরাধীরা আড়াল হয়ে যেতে পারে।
মিয়া গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচারের দায়িত্ব আইন ও বিচার বিভাগের। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা গণপিটুনির মতো বিচারবহির্ভূত সংঘাত জামায়াত কখনোই সমর্থন করে না।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে রাজনৈতিক ফায়দা হাসিলে বিভ্রান্তি না ছড়িয়ে সত্য তথ্য প্রকাশের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
Leave a Reply