রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। স্থানান্তরের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং আগামী মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
গণপূর্তমন্ত্রী জানান, সচিবালয় স্থানান্তরের পরিকল্পনাটি দীর্ঘদিনের এবং অতীতেও এ বিষয়ে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছিল। বর্তমান সরকার বিগত চার মাস ধরে পরিকল্পনাটি পরীক্ষা-নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছা অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই নতুন অবকাঠামো নির্মাণ শেষ করে পুরো সচিবালয়ের কার্যক্রম আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলেই এ সংক্রান্ত চূড়ান্ত নির্মাণ ও রূপান্তর প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থার গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারেও জোর দেওয়া হচ্ছে। বদলি-বাণিজ্য বন্ধ ও যোগ্য স্থানে দক্ষ জনবল পদায়নের অংশ হিসেবে লটারির মাধ্যমে নির্বাহী প্রকৌশলীদের বদলি প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা গণপূর্ত খাতের স্বচ্ছতা নিশ্চিতে বড় ভূমিকা রাখছে বলে মন্ত্রী জানান।
Leave a Reply