কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে নাশকতা, হত্যা ও আগুন-সন্ত্রাসের প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ডাকা ‘জাতীয় ঐক্যের’ আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের মতে, সহিংসতা প্রতিরোধে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে অভিন্ন অবস্থান তৈরি হলেও আপাতত এক মঞ্চে ওঠা বা যুগপৎ কর্মসূচির কোনো সম্ভাবনা নেই।
রাজনৈতিক দলগুলোর সূত্র অনুযায়ী, সরকারি ও বিরোধী দলগুলো নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর জোট ৪০ দিনের এবং বিএনপি ডিসেম্বর মাসকে ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। নাশকতা ঠেকানোর বিষয়ে সবাই একমত হলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কারের মতো মৌলিক প্রশ্নগুলোতে দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে।
গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান চব্বিশের চেতনায় আবারও পতিত স্বৈরাচারের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান। এর জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে থাকলেও পরবর্তীতে ঐক্যে দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে; তাই দেশের বৃহত্তর স্বার্থে আগের অবস্থানে ফিরে আসা জরুরি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শিগগিরই শীর্ষ নেতারা বৈঠকে বসে ঐক্যের রূপরেখা চূড়ান্ত করবেন।
তবে বিরোধী শিবিরের সূত্রগুলো দাবি করেছে, সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর দাম্ভিকতা এবং আক্রমণাত্মক বক্তব্য এই ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে। তাদের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে বিরোধীরা। এছাড়া এই ঐক্যকে ‘জুলাই ঐক্য’ নামকরণ করে সংবিধানে জুলাই সনদের বিষয়গুলো কীভাবে যুক্ত হবে এবং বাতিল হওয়া ইস্যুগুলো কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে বিএনপির কাছ থেকে লিখিত অঙ্গীকার দাবি করছে বিরোধী দলগুলো।
অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে জানিয়েছেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এখন জাতীয় ঐক্য অপরিহার্য। তার মতে, জাতীয় ঐক্যের সঙ্গে জুলাই সনদের সরাসরি সম্পর্ক না থাকলেও ‘নোট অব ডিসেন্ট’ নিরসনের মাধ্যমে সরকার তা বাস্তবায়ন করবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, বিএনপি সরকারি দলে এবং জামায়াত বিরোধী দলে থাকায় যুগপৎ আন্দোলনের সুযোগ নেই, তবে নৈরাজ্য রুখতে তারা পৃথকভাবে মাঠে শক্ত অবস্থানে থাকবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ-সদস্য আখতার হোসেন যুগান্তরকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃশ্যমান কঠোরতার অভাবেই অপশক্তি সুযোগ পাচ্ছে এবং অপরাধীদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, এক মঞ্চে না উঠেও নিজ নিজ অবস্থান থেকে সমন্বয়ের মাধ্যমে অভিন্ন লক্ষ্যে কাজ করাই যথেষ্ট। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না করাকে বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানিয়েছেন।