ভারতে বিক্ষোভকারী, নাগরিক সমাজ, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়ন এবং গণগ্রেপ্তারের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে অন্যায়ভাবে ও বিনা বিচারে আটকে রাখা সব বিক্ষোভকারীকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) এক বিবৃতিতে জানায়, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অন্যান্য দাবিতে চলা প্রতিবাদ কর্মসূচিতে সরকারের দমন-পীড়ন উদ্বেগজনক। সংস্থাটির মুখপাত্র থামিন আল-খিতান বলেন, “শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের অধিকার পুরোপুরি নিশ্চিত করতে হবে। প্রতিবাদের ওপর যেকোনো ধরনের নিষেধাজ্ঞা অবশ্যই প্রয়োজনীয়তা ও সামঞ্জস্যের কঠোর শর্ত পূরণ করতে হবে।”
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন যে, গণআটক এবং মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির পরিপন্থী। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ভারতের কড়া জবাব:
জাতিসংঘের এই উদ্বেগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়া দিল্লির পক্ষ থেকে এই বক্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে “অযাচিত ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। দেশের সংবিধানেই নাগরিকের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত রয়েছে। তবে জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ভারতেও কিছু যুক্তিসঙ্গত বিধিনিষেধ রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়ম মেনেই দায়িত্ব পালন করছে।” পাশাপাশি জাতিসংঘের এ ধরণের দৃষ্টিভঙ্গিকে “দ্বৈত নীতি” হিসেবেও মন্তব্য করে ভারত।
একটি উত্তর দিন