সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে দেশের গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের অন্য কোনো বিষয়ে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও খবরের বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, দেশে বর্তমানে এক ধরনের ‘খবরের দুর্ভিক্ষ’ চলছে। মানুষের সাধারণ নাগরিক সমস্যা, হত্যাকাণ্ড, দুর্ঘটনা কিংবা কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তের খবরে আর তেমন নজর দেখা যাচ্ছে না। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বিদেশি সফর কিংবা নির্বাচন কমিশনের কার্যক্রম সংক্রান্ত সংবাদ নিয়ে জনগণের তেমন তোড়জোড় নেই।
তার মতে, শেখ হাসিনাকে কেন্দ্র করে নতুন কোনো অডিও-ভিডিও ক্লিপ, বক্তব্য বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত কোনো কনটেন্ট ইন্টারনেটে আসা মাত্রই তা হু হু করে বিপুল ভিউ ও সামাজিক মনোযোগ আকর্ষণ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রমের আনুষ্ঠানিক সংবাদের চেয়ে দিল্লির রাজনৈতিক অবস্থান কিংবা প্রবাসী কর্মীদের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ও আলোচনার খবর শুনতেই জনমনে বেশি উৎসুক্য লক্ষ করা যাচ্ছে।
সাবেক এই সাংসদ আরও মন্তব্য করেন যে, সংবাদের বাজারে প্রতিনিয়ত নতুন ইস্যু আসার চেষ্টা থাকলেও শেখ হাসিনা ও আওয়ামী লীগ-কেন্দ্রিক আলোচনা ছাড়া অন্য বিষয়গুলোতে দীর্ঘমেয়াদে আলোচনা ধরে রাখা সম্ভব হচ্ছে না।
Leave a Reply