রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়ায় এক ব্যবসায়ীকে তার নিজ দোকানে ঢুকে গুলি করার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মো. আসলাম খান (৪০) নামের এক কুকারিজ ব্যবসায়ী। এ ঘটনায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ মনজুরুল ইসলাম নামের এক হামলাকারীকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের বিপরীত পাশে ‘মেসার্স লাকী কোকারীজ ও গিফট কর্নার’-এ এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যবসায়ীর বন্ধু মনোয়ার হোসেন জানান, ঘটনার সময় তারা দোকানের ভেতরে কথা বলছিলেন। হঠাৎ দুষ্কৃতকারী দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এতে আসলামের কপালে ও বাম পায়ের হাঁটুতে গুলি লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যবসায়ীর চিকিৎসা চলছে এবং বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।
পুলিশের বক্তব্য ও অস্ত্র উদ্ধার
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে দেয়। আটক ব্যক্তির কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে হামলার নির্দিষ্ট কোনো কারণ কিংবা আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পূর্বশত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
একটি উত্তর দিন