রেলওয়ের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রধানমন্ত্রীর কাছে মাত্র এক মাসের জন্য প্রশাসনিক ক্ষমতা ও পূর্ণ স্বাধীনতা চেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। শুক্রবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ট্যাগ করে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে টিকিট কালোবাজারি বন্ধের এই কাজের জন্য তাঁর কোনো পদ, পদবি, আলাদা চেয়ার-টেবিল বা বেতনের প্রয়োজন নেই। সার্ভিস পুরোপুরি বিনা পয়সায় দেবেন, শুধু যাতায়াতের জন্য একটি গাড়ির সুবিধা চান। তবে শর্ত হিসেবে তিনি জানান, সংশ্লিষ্ট রেল ডিপার্টমেন্টের সবাইকে এই এক মাস তাঁর আদেশ মানতে বাধ্য থাকতে হবে।
মাহবুব কবীর মিলন তাঁর কর্মপরিকল্পনায় জানান, এই অভিযানে চুক্তিভিত্তিক কিছু অভিজ্ঞ সাবেক টিকিট এক্সামিনার ও কর্মকর্তা নেবেন, যারা কোনো বেতন নেবেন না। সাথে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশেষ পুলিশ প্রটেকশন প্রয়োজন হবে। তিনি উল্লেখ করেন, ট্রেনের সব যাত্রী চেক করার দরকার নেই; কোচে র্যান্ডম চেক করে অনিয়ম পেলে দ্বিগুণ জরিমানা করা হবে। ‘যার টিকিট, তাকেই ভ্রমণ করতে হবে’—এই নীতি শতভাগ বাস্তবায়নে চেকারদের বডি-ওর্ন ক্যামেরা নিশ্চিত করা এবং কোনো ধরনের সুপারিশ বা তদবির এলে তাঁদের পরিচয় প্রকাশ্যে আনারও হুঁশিয়ারি দেন তিনি।
নিজের প্রস্তাবের আত্মবিশ্বাস ব্যক্ত করে তিনি লেখেন, “এক মাসের রিস্ক নেবেন না মাননীয় প্রধানমন্ত্রী!! আমি নেব ইনশাআল্লাহ। ব্যর্থতায় যেকোনো শাস্তি মেনে নেব। কিন্তু এই এক মাস সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে আমাকে।”
উল্লেখ্য, সাবেক এই আমলা সরকারি পদে থাকাকালে এবং অবসরোত্তর সময়ে নানা প্রশাসনিক অনিয়ম ও ভোক্তা অধিকার রক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থেকে সাধারণ মানুষের মাঝে বেশ আলোচনায় উঠে আসেন। রেলের কালোবাজারি বন্ধে দেওয়া তাঁর এই ফেসবুক স্ট্যাটাসটি ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে নতুন করে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
একটি উত্তর দিন