এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ম্যানেজারসহ ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে মাধবপুর বাজারের বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অবস্থিত ‘তাজ মহল আবাসিক হোটেল’-এ এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চারজন নারী ও ছয়জন পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ওই হোটেলের ম্যানেজার মো. তোফাজ্জল (২৫)-ও রয়েছেন। মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই প্রদীপ সরকার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশে হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখানে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেয় পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন:
মাধবপুর থানা এলাকা: সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০) এবং সুরঞ্জিত পাল সোহেল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা: মো. রুবেল (২৫ – নাসিরনগর), মো. জালাল উদ্দিন (২৮ – বিজয়নগর), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩) এবং হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫)।
নীলফামারী জেলা: আঃ রশিদ (৩১ – জলঢাকা)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একটি উত্তর দিন