অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টির জের ধরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাকে পদত্যাগের এই নির্দেশ দেওয়া হয় বলে সরকারের একাধিক দায়িত্বশীল ও উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিতর্কের পটভূমি
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় হঠাৎই মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরবর্তীতে তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে নিজে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরার নির্দেশ দিচ্ছেন তিনি।
ভিডিওটিতে এক পর্যায়ে একজনকে গুলি করার হুমকি দিতে শোনা যায় এবং তার সঙ্গে থাকা দেহরক্ষীকে এক তরুণকে লাথি মারতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না হয়েও সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে প্রকাশ্যে নিজ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযান পরিচালনা এবং হুমকি দেওয়ার এখতিয়ার নিয়ে নানা প্রশ্ন তোলে সাধারণ মানুষ ও নাগরিক সমাজ।
তদন্তের উদ্যোগ
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, তদন্তে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি পর্যালোচনা করে এবং সরকারের ভাবমূর্তি রক্ষায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে পদত্যাগের নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে।
একটি উত্তর দিন