বাংলাদেশ ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করে কড়া বার্তা দিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধর জয়সওয়াল জানিয়েছেন, ভারত তার জাতীয় স্বার্থ এবং সীমান্তে নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অবস্থানের কথা ব্যক্ত করেন মুখপাত্র রণধর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সীমান্তে নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক নানা ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। জবাবে জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, “ভারত সব সময় প্রতিবেশীদের সঙ্গে স্থিতিশীল ও বজায় রাখার মতো সম্পর্কে বিশ্বাসী। তবে নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি এ ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। ভারত তার স্বার্থ রক্ষায় যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন, বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়টি ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বর্তমান কর্তৃপক্ষ সে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।
একই সঙ্গে সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ভারত ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ এবং স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একটি উত্তর দিন