রাজধানীর জুরাইন এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৬) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুর থানা-পুলিশ। পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে সকালে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচের পাবলিক টয়লেটের একটি পরিত্যক্ত রুম থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা কামাল হোসেন আরও জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিনের পুরনো হওয়ায় মরদেহটি পচে গলে গেছে। তবে নিহতের ডান কপালে ফাটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের পরিচয় শনাক্তে প্রযুক্তিগত সহায়তাসহ পুলিশ কাজ করছে। পাশাপাশি এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শ্যামপুর থানায় অপমৃত্যু মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
একটি উত্তর দিন