গাজীপুরে এক কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা মো. আশরাফুল আলমের বিরুদ্ধে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে তোলপাড় সৃষ্টি করলে তীব্র সমালোচনার মুখে পড়ে সংগঠনটি। অশুভ কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে দলীয় পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
অভিযোগ সূত্র জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রী তার পরিবারসহ বেশ কিছুদিন ধরে ওই নেতার থেকে নানাভাবে হেনস্তা ও হুমকির শিকার হয়ে আসছিলেন। ঘটনার দিন অভিযুক্ত আশরাফুল আলম তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরবর্তীতে পরিবার ও স্থানীয়দের তৎপরতায় ছাত্রীকে উদ্ধার করা হলেও ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনাটি কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশরাফুল আলমকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তিবিশেষের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না উল্লেখ করে নেতৃবৃন্দ জানান, ছাত্রদলে কোনো সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডের স্থান নেই।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি উত্তর দিন