ভূমি অফিসে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির বাস্তব চিত্র ও ভোগান্তির রূপ সরেজমিনে পর্যবেক্ষণ করতে এবার অন্যরকম এক উদ্যোগ নিলেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। বোরকা পরে সাধারণ সেবাগ্রহীতার ছদ্মবেশে আকস্মিকভাবে হাজির হলেন রাজধানীর উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচয় গোপন রেখে তিনি ওই ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে একজন সাধারণ নাগরিকের মতো সারিতে দাঁড়িয়ে সেবার পরিবেশ প্রত্যক্ষ করেন এবং অফিসে আসা অন্যান্য সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। সেবা নিতে গিয়ে তারা কোনো ধরনের হয়রানি, অনাকাঙ্ক্ষিত বিলম্ব, দালালচক্রের খপ্পর কিংবা অতিরিক্ত অর্থ দাবির মুখোমুখি হচ্ছেন কি না—সে বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি মতামত নেন।
পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের কর্মচারীদের সার্বিক আচরণ, ফাইলের স্থিতি এবং সেবার গতি পর্যবেক্ষণ করেন। একজন সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে সেবা পেতে কী কী প্রতিবন্ধকতা দেখা দেয়, তা তিনি নিজে প্রত্যক্ষ করেন।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “আনুষ্ঠানিক পরিদর্শনের আগে থেকে প্রস্তুতি থাকে, ফলে সেবার প্রকৃত চিত্র অনেক সময় আড়ালেই থেকে যায়। সাধারণ মানুষ প্রতিদিন সেবা নিতে এসে বাস্তবে কী ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হন, তা জানতেই এই ছদ্মবেশে আসা।”
তিনি আরও বলেন, “ভূমিসেবাকে সম্পূর্ণ স্বচ্ছ, দ্রুতাভিত্তিক ও হয়রানিমুক্ত করা সরকারের অগ্রাধিকার। জনভোগান্তি নিরসনে আনুষ্ঠানিক পরিদর্শনের পাশাপাশি এ ধরনের আকস্মিক ও ছদ্মবেশী পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন ভূমি অফিসে সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য সরকারি দপ্তরেও এই ধরনের ছদ্মবেশী নজরদারি চালানো হতে পারে।
একটি উত্তর দিন