গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উঁচু রাম বিগ্রহ (মূর্তি) নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে নতুন একটি প্রতারণা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, হরিদাস চন্দ্রের বিরুদ্ধে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেছিলেন মাহবুবুর রহমান নামে এক ভুক্তভোগী। এই প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এবং শুনানি শেষে জামিন আবেদন নাখোচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, অর্থ পাচার (মানি লন্ডারিং) সংক্রান্ত অপরাধের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করেছিল। সেই মামলায় পুলিশি রিমান্ড ও জিজ্ঞাসাবাদ শেষে তিনি কারাগারে আটক ছিলেন। সিআইডির মূল মামলাটি চলমান থাকা অবস্থাতেই নতুন এই ফ্ল্যাট জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে বিশাল আকৃতির রাম বিগ্রহ ও মন্দির নির্মাণের কথা বলে হরিদাস চন্দ্র তরণী দাস দেশ-বিদেশের বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা ও অনুদান সংগ্রহ করেন। পরবর্তীতে সংগৃহীত অর্থের হিসাব ও ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে।
একটি উত্তর দিন