কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর ২০০ পিস ইয়াবাসহ দীপ রুদ্র পাল (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) ভোরে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি বিশেষ দল উপজেলার নাইঘর ভাঙাব্রিজ সংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান চালায়। সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় পুলিশ ওই যুবককে আটক করে। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশনায় তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
একটি উত্তর দিন