রাজনৈতিক হানাহানি, সংঘাত ও রক্তপাত পরিহার করে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, “আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করেছি, সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সংঘাত কিংবা কোনো প্রতিশোধ নয়, আমরা বাংলাদেশে সমঝোতার রাজনীতি (Politics of Reconciliation) এবং ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর সমাজ দেখতে চাই।”
গনতন্ত্রে রাজনৈতিক সহিষ্ণুতার গুরুত্ব তুলে ধরে তিনি সব রাজনৈতিক দলের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক আলোচনার পথ অনুসরণের তাগিদ দেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশি হিসেবে সবার নাগরিক অধিকার নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করেন।
অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে জোর
এলাকার উন্নয়ন প্রসঙ্গের কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, অনুন্নত ও প্রান্তিক অঞ্চলের দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার প্রসারে কাজ করছে সরকার। তরুণ প্রজন্মকে চাকরি ও ঠিকাদারির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে বিনিয়োগ ও আধুনিক সুবিধা চালুর ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একটি উত্তর দিন