মো: জিসান, ভোলা প্রতিনিধি:
জীবিকার তাগিদে চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. ফজলু (২৪) নামের এক যুবক। নিখোঁজ ফজলু চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও নিখোঁজের স্বজনদের তথ্যমতে, পরিবারের অভাব দূর করতে ফজলু চট্টগ্রাম থেকে একটি গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলিং জাহাজে ক্রু হিসেবে কাজে যোগ দেন। গত বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আকস্মিকভাবে জাহাজ থেকে সাগরের পানিতে পড়ে যান তিনি। মুহূর্তেই উত্তাল সাগরের ঢেউয়ে তলিয়ে যান ফজলু। ঘটনার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।
এদিকে ফজলুর নিখোঁজের খবর গ্রামে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম ও চরম উৎকণ্ঠা নেমে আসে। নিখোঁজ যুবকের বাকরুদ্ধ বাবা-মা ও স্বজনেরা যেকোনো মূল্যে তাকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। তারা অতি দ্রুত বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানান।
দক্ষিণ আইচা থানা ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, খবর পেয়ে নিখোঁজ জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আশেপাশের মাছ ধরার ট্রলারগুলোর মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে সাগরের পরিস্থিতি ও দূরত্বের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়ার মতো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
Leave a Reply