ঝিনাইদহ শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে অবমাননা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যটিতে জুতার মালা ঝোলানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যটির গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে পুরো এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কয়েকজন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে জুতার মালা সরিয়ে ফেলি। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের এভাবে অবমাননা চরম দুঃখজনক। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।”
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী স্বাধীনতার এই বীর সেনানীর স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা করছে। পূর্বেও একাধিকবার ভাস্কর্যটি ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সন্ধ্যায় জেলা প্রশাসন জরুরি সভার আয়োজন করে। ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। পুলিশ প্রশাসনকে দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।
Leave a Reply