চার দিনের সফরে চলতি মাসের শেষ দিকে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। সফরে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রীর জাপান সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। তবে এখনো সফরের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। চার দিনের এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।
একই সময়ে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী।
জাপানের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণের জবাবে বাংলাদেশও দেশটির প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply