চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। ২০ সেপ্টেম্বর ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডিপিসিপিসি (IDCPC) মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও পারিবারিক আত্মিক সম্পর্ক রয়েছে। তার পিতা অতীতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে উভয় দেশের সম্পর্কের সার্বিক বিস্তার ঘটে এবং প্রতিমন্ত্রীদের পর্যায়ের ‘২+২ সংলাপে’র মতো একাধিক নতুন কূটনৈতিক প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে তিন বছর নয় মাসের কূটনৈতিক দায়িত্ব পালনকে অত্যন্ত সম্মানের হিসেবে অভিহিত করে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন সর্বদা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে। একই সাথে তিনি বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে চীনের এই সুদৃঢ় কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply