মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং ও সাইবার প্রতারণা চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে পুলিশ আসামিদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণায় ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ বাবুল আহম্মেদ (২৮): পিতা মহারাজপুর মধ্যপাড়া এলাকা
মোঃ ওমর ফারুক (১৯): পিতা মহারাজপুর মধ্যপাড়া এলাকা
মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত (২২): পিতা আব্দুলপুর (বাঁশবাড়িয়া) এলাকা
মোঃ মাহফুজ হোসেন (২১): পিতা মহারাজপুর এলাকা
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ভোররাত ০৩:২৫ ঘটিকার সময় মহারাজপুর মধ্যপাড়ার সাগর আহম্মেদের বসতঘরে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে আটক হন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ বাবুল আহম্মেদের বিরুদ্ধে ইতিপূর্বেও লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply