মোঃ হাসান ,লক্ষীপুর জেলা প্রতিনিধি:
হাদি হত্যার বিচার এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহরের প্রাণকেন্দ্র চক বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
নামাজ শেষে মসজিদ থেকে সাধারণ মুসল্লি ও নেতাকর্মীরা বেরিয়ে এসে চত্বরে জমায়েত হন। এতে নেতৃত্ব দেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম। এ সময় তার তীব্র ও জোরালো কণ্ঠে দেওয়া নানা প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চক বাজার এলাকা।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও আমজনতা ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘হাদি হত্যার বিচার চাই, বিচারকাজে টালবাহানা সইব না’ সহ বিচার চেয়ে নানা প্রতিবাদী স্লোগান দেন।
সারজিস আলম তার বক্তব্যে বলেন, “হাদি হত্যার দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনও মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়নি। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিচারহীনতার সংস্কৃতি আর মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া না হলে আন্দোলন আরও কঠোর রূপ নেবে।”
বিক্ষোভ সমাবেশে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনসিপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply