রাজধানীর কদমতলী থানা এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী সুনির্দিষ্ট অঙ্গীকারের মাত্র তিন দিনের মাথায় স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রেজার ছেলে জারিফুল ইসলাম শাফিনের সরাসরি মাদক (ইয়াবা) সেবনরত দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেলে শ্যামপুর ও কদমতলী থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের আলমবাগ এলাকায় এলাকাবাসীর উদ্যোগে একটি ‘মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং বিশেষ অতিথি হিসেবে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ আখিউল ইসলাম (বিপিএম ও পিপিএম), শ্যামপুর ও কদমতলী জোনের এসি মোঃ এহসান, কদমতলী থানার ওসি শেখ আশরাফুজ্জামান এবং শ্যামপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে স্থানীয় সর্বস্তরের জনগণ সেই সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার সমর্থনে অংশ নিয়েছিলেন।
তবে এই উচ্চপর্যায়ের মাদকবিরোধী সমাবেশের মাত্র তিন দিন পার হতেই ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রেজার ছেলের ইয়াবা সেবনের ভিডিও ও ছবি প্রকাশ্যে আসায় পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দায়িত্বশীল এক রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের এমন নৈতিক স্খলন ও মাদকে লিপ্ত হওয়ার ঘটনা রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এবং পরিবারের নৈতিক অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
এর আগে সম্প্রতি ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রেজার অনুসারী ও দপ্তর সম্পাদকসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে এলাকাবাসীর সহায়তায় মাদকসহ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই স্বয়ং সভাপতি সেলিম রেজার ছেলের বিরুদ্ধে মাদকের প্রমাণ মেলায় এলাকাবাসী ও সাধারণ অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, যেখানে দলের নীতি-নির্ধারক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মাদক নির্মূলের ডাক দিচ্ছেন, সেখানে ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রেজার ঘরের ভেতরের চিত্র সম্পূর্ণ বিপরীত। নেতার পরিবারের মদদে যদি এমন কর্মকাণ্ড চলে, তবে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।
এলাকাবাসী ও সাধারণ জনগণ অবিলম্বে জারিফুল ইসলাম শাফিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন। একইসঙ্গে দায়িত্বশীল পদে থেকে এমন বিতর্কিত পরিস্থিতি তৈরির কারণে ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রেজার বিরুদ্ধে দলীয় অবস্থান ও নৈতিক পদক্ষেপ কী হবে, তা জানতে মুখিয়ে আছেন স্থানীয়রা।
Leave a Reply