দেশে আইনশৃঙ্খলার অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেছেন, বর্তমানে সারাদেশে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ, শিশু ও মা-বোনদের নিরাপত্তাদানে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সারাদেশে এখন মানুষের জননিরাপত্তা নেই। কেন এই নিরাপত্তা নেই, কেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হচ্ছেন—তিনি তার জবাবদিহিতা সংসদে দিচ্ছেন না। আর রাজপথে বা বাইরে তার কাছে জবাবদিহি চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী তেলে-বেগুনে জ্বলে উঠছেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।”
বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবক্ষয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, জ্বালানি ও সার সংকট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের চিত্র তুলে ধরেন। তিনি আরও অভিযোগ করেন যে, পুলিশ সংস্কার না করে বিরোধী দল দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরায় ব্যবহার করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের ছাত্র-জনতা আর কাউকেই স্বৈরাচার হতে দেবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, সরকার যদি স্বৈরাচারী আচরণ বজায় রাখে তবে রংপুরের মাটি থেকেই প্রথম বিপ্লব ও বিদ্রোহের সূচনা হবে।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, নিত্যপণ্যের দাম কমানো ও জননিরাপত্তা নিশ্চিতকরণসহ ৮ দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়।
Leave a Reply