তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের রপ্তানি বাণিজ্য ও কারখানা উৎপাদন ব্যাহত করতেই একটি মহল এই ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত তৈরি পোশাক খাতের সাম্প্রতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষ বিষয়ক এক জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা লক্ষ্য করেছি, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অনেক মুখোশধারী ঢুকে গিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। আমাদের কাছে আসা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির উসকানি দেওয়া হচ্ছে”।
তিনি জোর দিয়ে বলেন, এ সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত কোনো পোশাকশ্রমিক বা সংগঠন জড়িত বলে সরকার বিশ্বাস করে না। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য দাবি পূরণে সরকার ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে এবং এই বোর্ডের মাধ্যমে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
সহিংসতা বরদাশত করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং ইতোমধ্যে সহিংস কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। রপ্তানি খাত যেন কোনো সংকটে না পড়ে, সে জন্য কারখানা চালু রাখা এবং শ্রমিকদের সাথে সমন্বয় করে কাজ চালানোর জন্য পোশাক মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
একটি উত্তর দিন