রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী সরকারি গাড়ির বিরুদ্ধে দুই মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ঘটনাটির সময় মন্ত্রী নিজেই গাড়িটির ভেতরে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে রাজধানীর সার্কিট হাউজ রোড এলাকায় এই ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) সার্কিট হাউজ সড়কের উল্টো পাশ দিয়ে বেপরোয়া গতিতে সচিবালয়ের দিকে যাচ্ছিল। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারা লঙ্ঘনের দায়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে চালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা ঠুকে দেয়। দুই মামলায় মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সড়ক পরিবহন আইনের ৪৪ ও ৪৯ ধারার বিধান অমান্য করায় ৮৭ ও ৯২ ধারায় মোট দুটি মামলা দেওয়া হয়েছে। আইন লঙ্ঘনের কারণে জরিমানার অর্থ চালককেই পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করে বলেন, “বাংলাদেশে এর আগে কখনো দায়িত্বরত মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার দায়ে আইনি ব্যবস্থার আওতায় আনার এমন দৃষ্টান্ত দেখা যায়নি।”
Leave a Reply